পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের ক্লাসের মধ্যে এক পড়ুয়াকে "জঙ্গি" তকমা দিলেন অধ্যাপক। এমনই গুরুতর অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর পিইএস বিশ্ববিদ্যালয়ে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। অভিযুক্ত অধ্যাপকের নাম মুরলীধর দেশপান্ডে। বিষয়টি প্রকশ্যে আসতেই ওই অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
কী ঘটেছিল?
আরও পড়ুন:
জানা গিয়েছে, মঙ্গলবার ক্লাস চলাকালীন আফান নামে ওই পড়ুয়া বাইরে যাওয়ার অনুমতি চান। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অধ্যাপক। তখন ওই অধ্যাপক ছাত্রকে উদ্দেশ্য করে একাধিক কটূক্তি করেন। এমনকি সরাসরি তাঁকে জঙ্গি তকমা দেন। অভিযোগ, তিনি আরও বলেন যে ওই পড়ুয়ার মতো মানুষদের কারণেই ইরানে যুদ্ধ চলছে এবং তাদের নরকে যাওয়া উচিত।
ক্লাসে উপস্থিত অন্য এক ছাত্র গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে, যা ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে।আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে, যদিও এই পদক্ষেপ নেওয়া হয় ঘটনার তিন দিন পর। পাশাপাশি, ভিন্ন কারণে আরও তিনজন পড়ুয়াকেও সাসপেন্ড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, শিক্ষকদের সবসময়ই দায়িত্বশীল আচরণের নির্দেশ দেওয়া থাকে, তবে এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলেও দাবি করেছেন তিনি। তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এদিকে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক পুলিশ অভিযোগ দায়ের হয়নি। যদিও বেঙ্গালুরু পুলিশ ভাইরাল ভিডিও দেখে স্বতঃপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে এবং অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে। পাশাপাশি তাঁর প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবিও জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই অধ্যাপকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।