পুবের কলম, ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের এক মর্মান্তিক ও নৃশংস পরিণতি দেখল প্রযুক্তি নগরী বেঙ্গালুরু। মালেশ্বরম এলাকার একটি ফ্ল্যাট থেকে অনুষা (২০) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তাঁর লিভ-ইন পার্টনার শরৎ (২৭) শনিবার রাতে বচসার জেরে তাঁকে শ্বাসরোধ করে খুন করেছে। এই ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী অনুষা এবং অভিযুক্ত শরৎ—দুজনেই কর্ণাটকের হাসান জেলার সাকলেশপুরের বাসিন্দা ছিলেন। প্রায় বছর খানেক আগে ইনস্টাগ্রাম-এর মাধ্যমে তাঁদের আলাপ হয়। সময়ের সাথে সাথে সেই আলাপ গভীর প্রেমে রূপ নেয়। গত ছয় মাস ধরে তাঁরা দুজনে বাড়ি ছেড়ে বেঙ্গালুরুর মালেশ্বরম এলাকার একটি ফ্ল্যাটে লিভ-ইন পার্টনার হিসেবে থাকতে শুরু করেন।

বেঙ্গালুরু শহরে শরৎ একটি জলের ট্যাঙ্কারের চালক হিসেবে কাজ করতেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা নিয়ে টানাপোড়েন চলছিল। গত শনিবার (১৩ জুন) রাতে সেই ব্যক্তিগত বিষয়গুলি নিয়েই দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। ঝগড়া চরম রূপ নিলে আচমকা রাগের মাথায় শরৎ অনুষার ওপর চড়াও হয় এবং তাঁর গলা টিপে ধরে। কিছুক্ষণের মধ্যেই শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ বছরের ওই তরুণীর।