কল্যান মণ্ডলঃ এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজর কাড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলা। রাজ্যের মেধাতালিকায় জেলার ১১ জন ছাত্রছাত্রী স্থান করে নেওয়ায় খুশির হাওয়া জেলাজুড়ে। পাশের হারেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ বছর জেলায় মাধ্যমিকের পাশের হার প্রায় ৯১ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি।

জেলা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এ বছর দক্ষিণ ২৪ পরগনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৬ হাজার ৩০৩ জন।

এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৪৬৯ এবং ছাত্রী ৪৮ হাজার ৮৩৪। তবে পাশের হারে ছাত্রীদের টপকে গিয়েছে ছাত্ররা। প্রায় ৯৩ শতাংশ ছাত্র এবং প্রায় ৮৯ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

এবার মেধাতালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এই প্রতিষ্ঠান থেকেই সাতজন ছাত্র রাজ্যের প্রথম দশে জায়গা করে নিয়েছে।

৬৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সৌর জানা। পঞ্চম স্থানে রয়েছে সমন্তক কুণ্ডু (৬৯৩)। সপ্তম হয়েছে সমজ্যোতি দাস (৬৯১)। যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছে জীবিতেশ কয়াল ও সৌমকান্ত কুইলা, দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯০। নবম হয়েছে ঐশিক চক্রবর্তী (৬৮৯) এবং দশম স্থানে রয়েছে অনুরাগ মণ্ডল (৬৮৮)।

সোনারপুর সারদা বিদ্যাপীঠের বিদিশা মণ্ডল ৬৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে। জয়নগরের জেএম ট্রেনিং স্কুলের মৈনাক চক্রবর্তী ৬৯০ নম্বর পেয়ে যুগ্ম অষ্টম হয়েছে। দক্ষিণ বারাসাতের শিবদাস আচার্য হাইস্কুলের ছাত্র অয়ন হালদার এবং কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের শাশ্বত মাইতি ৬৮৮ নম্বর পেয়ে যুগ্মভাবে দশম স্থানে রয়েছে।

শাশ্বত বিজ্ঞান বিভাগের তিনটি বিষয়ে শতক পেয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সে। একই ইচ্ছা নরেন্দ্রপুরের একাধিক কৃতী ছাত্রেরও। ফল প্রকাশের পর জেলার বিভিন্ন স্কুলে মিষ্টিমুখ, ফুলের তোড়া ও সংবর্ধনায় ভরে ওঠে উৎসবের আবহ। শিক্ষামহলের মতে, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনাই দক্ষিণ ২৪ পরগনাকে এ বছর রাজ্যের অন্যতম সফল জেলা হিসেবে তুলে ধরেছে।