পুবের কলমক ওয়েব ডেস্কঃ আজ শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। তাতে সম্ভাব্য মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম স্থান পেয়েছে উত্তর দিনাজপুরের বেদশ্রুতি সিংহ। ভালো ফল করে স্বাভাবিকভাবেই খুশি বেদশ্রুতি এবং তার পরিবার। এখন নিজের স্বপ্ন পুরণ করতে চাইছে সে। বেদশ্রুতি জানায়, তাঁর স্বপ্ন হল ইঞ্জিনিয়ার হওয়া। যদিও এই লক্ষ্যে পরীক্ষার ফল প্রকাশের আগেই নিজের বড় স্বপ্নপূরণের পথে এগিয়ে গিয়েছে সে। মাধ্যমিক শেষ করেই রাজ্যের বাইরে পাড়ি দিয়েছে উচ্চতর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।
আরও পড়ুন:
বেদশ্রুতি ইসলামপুরের একটি বিদ্যালয়ের ছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে বেদশ্রুতি। একই নম্বর পেয়ে এই স্থানে রয়েছে আরও কয়েকজন পরীক্ষার্থী। তবে মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় আলাদা করে নজর কেড়েছে তার সাফল্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিকের পর থেকেই সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। এই সুত্রেই ইতিমধ্যেই হায়দরাবাদের একটি কোচিং সেন্টারে ভরতি হয়েছে বেদশ্রুতি। পরিবারের কথায়, হায়দরাবাদে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন:
বেদশ্রুতির বাবা জানিয়েছেন, মেয়ের ভাল ফলের আশা ছিল ঠিকই, কিন্তু সে যে রাজ্যের সেরাদের মধ্যে জায়গা করে নেবে, তা ভাবেননি। তাঁর কথায়, পরিবারের পড়াশোনার পরিবেশই মেয়েকে এই সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। এই কৃতিত্বের পিছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণাও। বেদশ্রুতির দাদা একসময় মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। বর্তমানে তিনি বিদেশে কর্মরত। দাদার পথ অনুসরণ করেই বেদশ্রুতি ভবিষ্যতের লক্ষ্যে এগোচ্ছে। দ্বাদশ শ্রেণি শেষ করার পর দেশের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার ইচ্ছা তার।
দীর্ঘমেয়াদি লক্ষ্য, প্রকৌশলবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা।তবে শুধুই পড়াশোনা নয়, সাংস্কৃতিক চর্চাতেও সমান আগ্রহ রয়েছে বেদশ্রুতির। অবসর পেলেই গান গায়, গিটার বাজায়। পড়াশোনার চাপের মধ্যেও এই হবি তাকে মানসিকভাবে সতেজ রাখে। উল্লেখ্য, এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। এবারের মেধাতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে ১৩১ জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে উত্তর দিনাজপুরেরই এক ছাত্র, যা জেলার জন্য বাড়তি গর্বের বিষয় হয়ে উঠেছে।