পুবের কলম ওয়েব ডেস্কঃ তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। সকাল ১০ টার পর থেকেই কার্যত প্রখর তেজ থাকছে সূর্যের। আর দুপুর গড়াতেই চাঁদিফাটা রোদের জেরে বাইরে বের হওয়া যাচ্ছে না। আর এই গরমের মধ্যে ব্যাপক সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা। কয়েকদিন আগেই গরমের ছুটি শেষ হয়েছে।

পুনরায় খুলে গিয়েছে স্কুল। তবে তীব্র গরমের কথা মাথায় রেখে এবার বড় নির্দেশ জারি করেছে শিক্ষা দফতর।

নির্দেশে বলা হয়েছে, স্কুলগুলি প্রয়োজনে সকালে ক্লাস করানো যাবে। এবিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। উল্লেখ্য, গরমের ছুটির পর স্কুল খোলার প্রথম দিনেই বিজ্ঞপ্তি জারি করা হয়।

সেখানেই এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জেলা স্কুল পরিদর্শকের দপ্তরকেও এবিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, বর্ষা আসতে আরও বেশ কয়েকদিন বাকি। যদিও এবার বর্ষায় স্বভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে গরমের কারণে এবছর স্কুলে ছুটি বাড়ানো হয়।

প্রথমে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি ছিল স্কুলগুলিতে। তবে ব্যাপক গরমে জেরে ছুটি বৃদ্ধি করে ৩১ মে পর্যন্ত করা হয়। সোমবার থেকে খুলেছে স্কুল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দু’সপ্তাহে পরিস্থিতি অনুযায়ী সময় পরিবর্তন করতে পারবে স্কুল। জানা গিয়েছে, এই মর্মে ডিআই এর তরফে স্কুলগুলিকে নির্দেশ পাঠানো শুরু হয়েছে। সংশ্লিষ্ট এসআইদের এবিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।