পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারি স্কুলে শ্লোক ও হিন্দু মন্ত্র পাঠের নির্দেশিকাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি আবেদন খারিজ করে দিল ছত্তিশগড় হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, আবেদনটি কোনো প্রকৃত অধিকার লঙ্ঘনের পরিবর্তে নিছক আশঙ্কার ওপর ভিত্তি করে মামলা করা হয়েছে। তাই এই পিটিশনটিকে ‘সম্পূর্ণ প্রিম্যাচিওর’ বলে উল্লেখ করেছে আদালত।
আদালতে এই আবেদনটির তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার।
আবেদনকারীদের মূল অভিযোগ ছিল নিজেদের বিশ্বাসের কারণে যে সমস্ত শিক্ষার্থী এই শ্লোক পাঠে অংশগ্রহণ করতে অনিচ্ছুক, তাদের জন্য নির্দেশিকায় কোনো অব্যাহতির ব্যবস্থা বা ছাড় রাখা হয়নি।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, বাস্তবে পড়ুয়াদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার কোনো প্রমাণ মেলেনি। আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট জানায়, "এই আদালতের অভিমত এই যে, আবেদনটি সম্পূর্ণ প্রি ম্যাচিওর, এবং এটি কোনো প্রকৃত অভিযোগের পরিবর্তে নিছক আশঙ্কার ওপর ভিত্তি করে করা হয়েছে।"
বর্তমান আবেদনটি খারিজ হলেও আবেদনকারীদের জন্য ভবিষ্যতে আইনি পদক্ষেপের পথ খোলা রেখেছে আদালত। নির্দেশে বলা হয়েছে, সার্কুলারটি বাস্তবায়নের ফলে ভবিষ্যতে যদি কোনো সাংবিধানিক অধিকার লঙ্ঘনের জোরালো প্রমাণ পাওয়া যায়, তবে তাঁরা নতুন করে ফের আবেদন দাখিল করতে পারবেন।
উল্লেখযোগ্য যে, এর আগেও ছত্তিশগড় হাইকোর্ট এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছিল যে, সরকারি স্কুলে কোনো শিশুকে জোর করে হিন্দু মন্ত্র পাঠ করানো যাবে না। বলপ্রয়োগের কোনো ঘটনা সামনে এলে আবেদনকারীদের ফের মামলাটি উত্থাপন করার অনুমতিও দিয়েছিল আদালত।