পুবের কলম ওয়েব ডেস্কঃ বকরি ঈদের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন এক মুসলিম যুবক। অভিযোগ, ট্রেনের মধ্যেই তাঁকে মারধর করা হয়েছে। আর তারপর থেকেই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবকের। তাঁর নাম ফয়জান আহমেদ শাহ। জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগে ফাইজান বাড়িতে মেসেজ করে জানায়, "আব্বু ট্রেনে সবাই আমাকে মারছে।" ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সী ফাইজান বিহারের ফুলওয়ারিয়া থানার অন্তর্গত চুরামন চক ভাটওয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উত্তর প্রদেশের মৌ জেলার জামিয়া আমজাদিয়া ঘোসি মাদ্রাসায় পড়াশোনা করেন। ঈদ উল আজহার ছুটিতে উত্তরপ্রদেশ থেকে বাড়ি ফেরার জন্য পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠেছিলেন। এখন তাঁর সঙ্গে আরও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ পরিবারের। ফাইজানের বাবা, ইমতিয়াজ আহমেদ শাহ পেশায় সরকারি স্কুলের শিক্ষক। তিনি বলেন, তাঁর ছেলে মাউ জংশন থেকে ট্রেনে ওঠার পর পরিবারকে খবরটি জানিয়েছিলেন। তাঁর কথায়, ট্রেনটি বেলথারা রোড পার হয়ে সালেমপুর স্টেশনের দিকে যাওয়ার সময় ফাইজান তাঁর আব্বাকে মোবাইলে একটি ম্যাসেজ পাঠায়।

তাতে লেখা ছিল, "আব্বু এখানে মারামারি হচ্ছে...। ট্রেনে সবাই আমাকে মারছে...। আমি লুকিয়ে মেসেজ করছি।" 

ইমতিয়াজ জানান, এরপর সঙ্গে সঙ্গে তিনি ছেলেকে মেসেজে উত্তর দিয়ে পরের স্টেশনে নেমে ফোন করতে বলেন। তিনি বলেন, দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও ছেলে যোগাযোগ না করায় আমি পরে যখন ফোন করি তখন ছেলের ফোন বন্ধ ছিল।" পরিবার জানিয়েছে, এরপর অনেক চেষ্টা করাও ফাইজনের সঙ্গে আর জয়াগাজগ করা যায়নি। তাদের দাবি, ট্রেনের মধ্যে ফাইজানকে অজ্ঞাত পরিচয় ব্যাক্তিরা হামলা চালিয়েছে।

যদিও কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানাতে পারেননি। তবে তাঁদের অভিযোগ এর সঙ্গে সাম্প্রদায়িক চরমপন্থী গোষ্ঠীর যোগ থাকতে পারে। এই ঘটনার পরেই ফাইজানের পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। তার ভিত্তিতে ফুলওয়ারিয়া থানার পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।  যদিও এখন পর্যন্ত পুলিশ ফাইজানের অবস্থান নিশ্চিত করতী পারেনি। পাশাপাশি কেউ হামলা চালিয়েছে কি না সেবিষয়েও এখনও পর্যন্ত পুলিশ নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করতে পারেনি।