পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় কৌশলগত পরিবর্তনের পথে হাঁটল সমাজবাদী পার্টি। মাত্র তিন মাস আগে ভোটকৌশল সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও, বুধবার সেই সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন দলের প্রধান অখিলেশ যাদব।
আরও পড়ুন:
২০২৭ সালের শুরুতে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই ভোটে টানা তৃতীয়বার সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি। অন্যদিকে, সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সাফল্যের ধারাকে ভিত্তি করে ফের লখনউয়ের ক্ষমতা দখলের লক্ষ্যে মরিয়া সমাজবাদী পার্টি।
এই প্রেক্ষাপটে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)’-এর সঙ্গে চুক্তি করে অখিলেশের দল। পাশাপাশি, প্রচার কৌশলের দায়িত্বে ‘শোটাইম’ নামে আরেকটি সংস্থাকেও যুক্ত করা হয়েছিল।আরও পড়ুন:
তবে হঠাৎ করেই সেই সিদ্ধান্তে বদল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ জানান, “ওরা কিছুদিন আমাদের জন্য কাজ করছিল। কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত তহবিল নেই।
” অর্থাভাবকেই এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে তুলে ধরেন তিনি। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কারণও থাকতে পারে। তাঁদের যুক্তি, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে শাসকদলগুলি আইপ্যাকের কৌশলের উপর নির্ভর করেও প্রত্যাশিত ফল পায়নি। সেই অভিজ্ঞতা থেকেই সমাজবাদী পার্টির এই দূরত্ব তৈরি।আরও পড়ুন:
তবে এই ব্যাখ্যা খারিজ করে দিয়েছেন অখিলেশ নিজেই। তাঁর স্পষ্ট বক্তব্য, “পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ুর নির্বাচনের সঙ্গে আমাদের এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।” উত্তরপ্রদেশের রাজনৈতিক লড়াই যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে—ভোটের আগে কৌশলগত হিসেব-নিকেশে কোনও ঝুঁকি নিতে চাইছে না সমাজবাদী পার্টি।