পুবের কলম ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতির ডামাডোলের মাঝেই এবার উত্তরপ্রদেশের বিরোধী শিবিরেও তীব্র রাজনৈতিক ভাঙন নিয়ে জল্পনা তৈরি হলো। সমাজবাদী পার্টির অন্তত ২৫ থেকে ২৬ জন সাংসদ দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর এই দাবি প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে। তবে এই দাবি উড়িয়ে দিয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কড়া ভাষায় জানিয়েছেন, যাঁরা ভীতু তাঁরাই দল ছাড়বেন, আর বিজেপির বিরুদ্ধে লড়তে তাঁর সাহসী যোদ্ধা প্রয়োজন।
আরও পড়ুন:
বুধবার একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, অখিলেশ যাদবের দলের ওই সাংসদরা সময় এলেই দল ছেড়ে বেরিয়ে যাবেন। তিনি আরও জানান, বিজেপি কোনো দল ভাঙার চেষ্টা করছে না, বরং সমাজবাদী পার্টির ভেতরেই চরম অসন্তোষ তৈরি হয়েছে। মৌর্যের মতে, দলের সাংগঠনিক কাজকর্ম ঠিকমতো চলছে না, যার ফলে অনেক নেতাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। তিনি ইঙ্গিত দেন যে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক ভাঙন আরও প্রকট হবে।
যদিও দলত্যাগে ইচ্ছুক কোনো সাংসদের নাম তিনি প্রকাশ্যে আনেননি।আরও পড়ুন:
মৌর্যের এই মন্তব্যের দিনেই উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী তথা বিজেপি জোটের শরিক নেতা ওমপ্রকাশ রাজভরও সপার অন্দরে বড়সড় বিভাজনের ইঙ্গিত দেন। তিনি কটাক্ষ করে অখিলেশ যাদবকে নিজের সাংসদদের ধরে রাখার পরামর্শ দেন। গেরুয়া শিবির ও তার শরিকদের এই জোড়া আক্রমণের কড়া জবাব দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান।
অখিলেশ যাদব বলেন, দল ভেঙে দিয়েই বিজেপি নিজেদের কাজ হাসিল করে এবং অতীতেও তারা বিরোধী দলের সাংসদ ও বিধায়কদের ভাঙিয়েছে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, এই খেলা আর কতদিন চলবে? যাদের ভয় আছে তারা চলে যাবে। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়তে আমাদের সাহসী মানুষের দরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এখনই এই দাবিগুলোকে নিশ্চিত বাস্তব পরিস্থিতি হিসেবে ধরে নেওয়া কঠিন। কারণ, সমাজবাদী পার্টির কোনো সাংসদ এখনও পর্যন্ত প্রকাশ্যে রাজনৈতিক ভাঙন বা দলত্যাগের কোনো ইঙ্গিত দেননি।