পুবের কলম ওয়েব ডেক্স: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে পরীক্ষার মাত্র পঁচিশ দিনের মধ্যেই। এ বছরের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার সল্টলেকের বাসিন্দা শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তিনি নালন্দা অ্যাকাডেমির ছাত্র। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃতী পরীক্ষার্থীদের নামও সামনে এসেছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে।
আরও পড়ুন:
প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন বিষ্ণুপুরের সৌঋদ্ধ মণ্ডল।
তিনি জোকার বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র। তৃতীয় স্থান দখল করেছেন রানিগঞ্জের উমাং ভূত, তিনি পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। চতুর্থ স্থানে রয়েছেন নিউটাউনের রাহুল কোনার এবং পঞ্চম হয়েছেন বীজপুরের সর্বান ভট্টাচার্য।মেধাতালিকার প্রথম দশে আরও রয়েছেন চন্দ্রকোণার আরহা ভট্টাচার্য, শিবপুরের সৃজন শুর, পশ্চিম মেদিনীপুরের মণীশ সেনাপতি, সোনারপুরের সব্যসাচী লস্কর এবং বালিগঞ্জের দেবজিৎ পাল।আরও পড়ুন:
চলতি বছরের ২৪ মে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী।
এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৯০১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৬৭ হাজার ৩৭৮ এবং ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৫২১। এছাড়া তৃতীয় লিঙ্গের দু’জন পরীক্ষার্থীও অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে মোট ৯২ হাজার ৭৩ জনের নাম মেধাতালিকায় স্থান পেয়েছে।আরও পড়ুন:
এবার রাজ্যজুড়ে মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে ছিল ২৬৪টি কেন্দ্র।
পাশাপাশি ত্রিপুরায় দুটি এবং অসমে একটি পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছিল। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, ব্লুটুথ ডিভাইস-সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। চলতি বছর প্রথমবারের মতো একাধিক ওএমআর উত্তরপত্র ব্যবস্থা করা হয়। পরীক্ষার পর প্রাথমিক উত্তরসূচি প্রকাশ করা হয়েছিল এবং পরীক্ষার্থীদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়। প্রাপ্ত আপত্তিগুলি খতিয়ে দেখে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।আরও পড়ুন:
আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।