পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি বছরের শুরুতে হিন্দু দেব-দেবী এবং রামায়ণ সম্পর্কে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। এবার তাঁর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের তিরুপতির একটি আদালতে দায়ের হল ফৌজদারি অভিযোগ। এই অভিযোগ দায়ের করেছেন একজন বিজেপি নেতা।

সোমবার বিজেপি নেতা এবং তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি)- এর ট্রাস্ট বোর্ডের সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডি তিরুপতির চতুর্থ অতিরিক্ত প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি কেরালা সাহিত্য উৎসবসহ বিভিন্ন জনসমাবেশে প্রকাশ রাজের করা বক্তব্যকে কেন্দ্র করে। ভানুপ্রকাশ রেড্ডি অভিযোগ করেছেন, গত ১৭ এপ্রিল তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখেন, যেখানে অভিনেতা ভগবান রাম, লক্ষ্মণ এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন বলে দেখা যায়। তাঁর অভিযোগ, ওই মন্তব্যগুলো ছিল 'অবমাননাকর', 'উস্কানিমূলক' এবং 'বিদ্বেষপূর্ণ' প্রকৃতির, যা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বিজেপি নেতার দাবি, প্রকাশ রাজের বক্তব্য ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি অসম্মান করেছে।
এর ফলে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আদালতের কাছে অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এদিকে, এই অভিযোগ এমন এক সময় সামনে এল যখন প্রকাশ রাজকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি অনলাইন প্রচারাভিযান চলার কথা জানা যাচ্ছে। উল্লেখ্য, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের একজন সমালোচক হিসেবে পরিচিত। রাজনীতি, সংখ্যাগরিষ্ঠতাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং মতপ্রকাশের স্বাধীনতা-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তিনি প্রায়ই প্রকাশ্যে মতামত ব্যক্ত করে থাকেন। তবে অভিযোগের বিষয়ে প্রকাশ রাজের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।