পুবের কলম ওয়েব ডেস্কঃ অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ নিয়ে ক্রমেই তীব্র হচ্ছে রাজনৈতিক বিতর্ক। এবার এনিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে কড়া আক্রমণ করলেন সিপিএআইএমের বর্ষীয়ান নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। একইসঙ্গে তিনি এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
নিজের ফেসবুক পেজে একটি পোস্টে বিজয়ন অভিযোগ করেছেন, যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য জনগণের বিশ্বাস ও আবেগকে কাজে লাগিয়েছে, তারা এর আড়ালে একটি সংগঠিত আর্থিক জালিয়াতিও চালিয়েছে। তিনি দাবি করেছেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টিদের সংঘ পরিবার সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগসাজশ ছিল।
কেরল বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজয়ন প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পৌরোহিত্য করেছিলেন। তাই এই বিষয়ে জবাব দিতে তিনি দায়বদ্ধ। তিনি আরও বলেন, কেন্দ্র সরকার যে ট্রাস্ট গঠন করেছিল তাকে ঘিরে এখন সন্দেহ তৈরি হয়েছে। তাঁর কথায়, "জনগণের ভক্তিকে কাজে লাগিয়ে সংগৃহীত অর্থ কোথায় গেছে? তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব ট্রাস্ট এবং এর নেতাদের। অবিলম্বে তাঁদের এবিষয়ে জবাব দিতে হবে।"আরও পড়ুন:
সংঘ পরিবারকে নিশান করে বিয়জন এই আত্মসাৎকে সংঘ পরিবারের রাজনীতির সর্বশেষ রূপের উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সুপ্রিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে কেন্দ্রকে একটি নিরপেক্ষ, উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, অনুদান আত্মসাতের অভিযোগ নিয়ে বিতর্ক সামনে আসে ৭ জুন।
বিরোধীদের অভিযোগ ছিল প্রায় কয়েক হাজার কোটি টাকা ও মুল্যবান গয়না চুরি হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে উত্তরপ্রদেশ সরকার। সেই মামলায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা হবে।