পুবের কলম, ওয়েবডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কাঠগড়ায় উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া দানের টাকা ও প্রণামীতে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর শুক্রবার একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ‘বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি’।
আরও পড়ুন:
বিকেটিসি-র সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত অভিযোগগুলিকে মন্দির কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। পুরো বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি সংশ্লিষ্ট সন্দেহভাজন কর্মচারীদের কাছ থেকে লিখিত কৈফিয়ত বা স্পষ্টীকরণ চাওয়া হয়েছে।
আরও পড়ুন:
শুক্রবার ‘ভৈরব সেনা’ নামে একটি স্থানীয় সংগঠন বদ্রীনাথ ধামের প্রণামীতে বড়সড় আর্থিক তছরূপের অভিযোগ তোলে।
একই সাথে তারা মন্দির কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তবে সামাজিক মাধ্যমে ওই অভিযুক্ত কর্মচারীকে নিজের 'ব্যক্তিগত সচিব' হিসেবে পরিচয় দেওয়ার দাবিটিকে সম্পূর্ণ খণ্ডন করেছেন বিকেটিসি সভাপতি হেমন্ত দ্বিবেদী।আরও পড়ুন:
তিনি স্পষ্ট করে জানান, "উক্ত ব্যক্তি আমার ব্যক্তিগত সচিব নন। তিনি বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির একজন স্থায়ী সরকারি কর্মচারী। এর আগে তিনি এই কমিটির তিন প্রাক্তন চেয়ারম্যানের অধীনেও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন।" তিনি আশ্বস্ত করেন, তদন্তের পর কোনো কর্মচারী দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।