পুবের কলম, ওয়েবডেস্ক: শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ ও ভিন্নমত পোষণের কারণে কোনো রাজনৈতিক কর্মীকে শহরছাড়া করা যায় না—মুম্বই পুলিশের একটি বিতর্কিত আদেশের ওপর হাতুড়ি মেরে এই ঐতিহাসিক রায় দিল বোম্বে হাইকোর্ট। এক রাজনৈতিক কর্মীর ওপর জারি করা এক বছরের ‘তড়িপার’ বা বহিষ্কারের নির্দেশ খারিজ করে বিচারপতি মাধব জে জামদার মুম্বই পুলিশকে নজিরবিহীনভাবে ভর্ৎসনা করেছেন। পুলিশের উদ্দেশে আদালতের তীক্ষ্ণ প্রশ্ন—"সরকারের বিরোধিতার জন্য নাগরিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিয়ে পুলিশ কি তাঁদের সরকারের দাসে পরিণত করতে চাইছে?"
আদালত পুলিশকে কঠোরভাবে মনে করিয়ে দিয়েছে, তারা জনসাধারণের সেবক, কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ব্যক্তিগত অনুচর নয়। একই সাথে হাইকোর্ট পুনর্ব্যক্ত করেছে যে—রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানো প্রতিটি ভারতীয় নাগরিকের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার।
আইনি লড়াইয়ের সূত্রপাত সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)-এর ৪৯ বছর বয়সী সাধারণ সম্পাদক সাঈদ আহমদ আব্দুল ওয়াহিদ চৌধুরীকে ঘিরে। গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুম্বই পুলিশ তাঁকে এক বছরের জন্য শহর ছাড়ার নির্দেশ দেয়। এই চরম পদক্ষেপের সপক্ষে যুক্তি দিয়ে পুলিশ দাবি করেছিল যে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে সাঈদের বিরুদ্ধে একাধিক পুলিশি অভিযোগ জমা পড়েছে।
আসলে, এই সময়কালের মধ্যে সাঈদ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), এনআরসি, বাবরি মসজিদ এবং জ্ঞানবাপী মসজিদ বিতর্কের মতো সংবেদনশীল জাতীয় ইস্যুতে পুলিশের অনুমতি ছাড়াই বেশ কিছু বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। সেইসব বিক্ষোভে ‘বিজেপি সরকার মুর্দাবাদ’ বা ‘অমিত শাহ মুর্দাবাদ’-এর মতো রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছিল। সাঈদের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, আসন্ন গুরুত্বপূর্ণ পুরসভা নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণতান্ত্রিক বিরোধীদের কণ্ঠরোধ করতেই পুলিশ এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নিয়েছিল।