দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্যন্ত্রজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে এবং আজই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে।
আরও পড়ুন:
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় ধনকড়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গিয়েছে। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ইতিমধ্যেই চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবারই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হতে পারে। আপাতত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
জগদীপ ধনকড়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক রাজনৈতিক নেতা।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে অশোক গেহলট লিখেছেন, তিনি হাসপাতালে গিয়ে প্রাক্তন উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানে ধনকড়ের চিকিৎসা চলছে এবং আজই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা।