পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের কূটনৈতিক মহলের জল্পনাই সত্যি হলো। আরও এক বছরের জন্য ভারতের বিদেশ সচিব পদে থাকছেন বিক্রম মিশ্রি। গত ১ জুলাই, কেন্দ্রীয় কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক সরকারি নির্দেশে এই মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) আধিকারিক বিক্রম মিশ্রির বর্তমান মেয়াদ চলতি বছরের ১৪ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, তিনি ২০২৭ সালের ১৪ জুলাই পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পদে বহাল থাকবেন।আরও পড়ুন:
কূটনৈতিক মহলে এই সিদ্ধান্ত খুব একটা অপ্রত্যাশিত ছিল না। সাউথ ব্লকের অলিন্দে বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন চলছিল। বিদেশ সচিবদের মেয়াদ বৃদ্ধির ঘটনা অতীতে ঘটলেও, এটি অত্যন্ত বিরল।
মিশ্রির আগে বিনয় কোয়াত্রা ২০২৪ সালে ৬ মাসের এক্সটেনশন পেয়েছিলেন। তারও আগে বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশ সচিব থাকাকালীন ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত এক বছরের মেয়াদ বৃদ্ধি পেয়েছিলেন।আরও পড়ুন:
কূটনীতিকদের মতে—বর্তমান আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক অস্থিরতার সময়ে সাউথ ব্লকে ‘কূটনৈতিক ধারাবাহিকতা’ বজায় রাখতেই এই পদক্ষেপ। বিক্রম মিশ্রির ঝুলিতে রয়েছে এক সুবিশাল অভিজ্ঞতা। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যখন পূর্ব লাদাখে ভারত ও চিনের সামরিক সংঘাত চরম সীমায় পৌঁছেছিল, তখন বেইজিংয়ে ভারতের রাষ্ট্রদূত ছিলেন বিক্রম মিশ্রি। চীন সংক্রান্ত তাঁর এই গভীর অভিজ্ঞতাকে মোদি সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।