পুবের কলম ওয়েব ডেস্কঃ শরীরের অতিরিক্ত ওজন শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নানা শারীরিক জটিলতা। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি, রক্তচাপের সমস্যা, রক্তে চর্বির আধিক্য, হাড় ও গাঁটের ব্যথা এসবের অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত ওজন। তাই চিকিৎসকেরা প্রায়ই সবার আগে ওজন নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন। বর্তমানে দ্রুত রোগা হওয়ার আশায় অনেকেই নানা ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করেন। সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় ওজন কমানোর অজস্র পদ্ধতির প্রচার।
তবে সম্প্রতি চীনে এমন এক অদ্ভুত এবং উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে, যা শুনে অনেকেই বিস্মিত হচ্ছেন।আরও পড়ুন:
চীনে কিছু মানুষ খাবার খাওয়ার আগে মুখে একটি পাতলা প্লাস্টিকের স্তর রাখছেন। এরপর খাবার চিবিয়ে কিছুক্ষণ মুখে রেখে তা গিলে না ফেলে প্লাস্টিক-সহ বাইরে ফেলে দিচ্ছেন। তাঁদের বিশ্বাস, এতে খাবার না খেলেও মস্তিষ্কে পেট ভরে যাওয়ার সংকেত পৌঁছে যায়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
আরও পড়ুন:
এই পদ্ধতির মূল ধারণা হলো, শরীরে খাবার প্রবেশ না করেও তৃপ্তির অনুভূতি তৈরি করা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চিকিৎসকদের সতর্কবার্তা, এভাবে প্লাস্টিকের সংস্পর্শে বারবার আসলে শরীরে ক্ষুদ্র প্লাস্টিক কণা প্রবেশের আশঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে এমনটা চললে তা শরীরের নানা অঙ্গের ক্ষতি করতে পারে এবং ভবিষ্যতে জটিল অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি, প্রয়োজনীয় খাদ্য না পাওয়ায় শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়।
সাময়িকভাবে ওজন কমলেও এতে শরীরের চর্বি কমার বদলে পেশি ক্ষয় হতে শুরু করে,, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে।আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, সুস্থভাবে ওজন কমাতে হলে খাদ্যতালিকায় আঁশসমৃদ্ধ খাবার, পর্যাপ্ত প্রোটিন এবং পর্যাপ্ত জল রাখা জরুরি। এই ধরনের খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। বিপরীতে অতিরিক্ত মিষ্টি বা প্রক্রিয়াজাত খাবার দ্রুত ক্ষুধা বাড়িয়ে দেয়। তাই সমাজমাধ্যমে দেখা যেকোনো পদ্ধতি অন্ধভাবে অনুসরণ না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। নিজের বয়স, উচ্চতা, ওজন এবং শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক খাদ্যতালিকা তৈরি করলে তবেই নিরাপদ ও স্থায়ীভাবে ওজন কমানো সম্ভব।