পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের হুনান প্রদেশে একটি আতসবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ঘটনার পরপরই উদ্ধারকাজে তৎপর হয় প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক বাহিনী। প্রায় পাঁচশোরও বেশি উদ্ধারকর্মী, দমকলকর্মী এবং চিকিৎসক ঘটনাস্থলে কাজ করছেন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রথমে কারখানার দু’টি আলাদা অংশ থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তারপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের জেরে চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্কে ছুটোছুটি শুরু করেন শ্রমিকেরা।
আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনার পর চিনের রাষ্ট্রপতি শি জিনপিং অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণে গাফিলতি অথবা নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে গুরুতর ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই কারখানার দায়িত্বে থাকা এক আধিকারিককে আটক করেছে প্রশাসন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। আতসবাজি উৎপাদনে বিশ্বে অন্যতম বড় কেন্দ্র চিন। সেই দেশেরই একটি কারখানায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটায় আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ তৈরি হয়েছে।