পুবের কলম ওয়েবডেস্ক : চীনের সম্ভাব্য সামরিক চাপ মোকাবিলায় সাধারণ নাগরিকদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দিতে শুরু করেছে তাইওয়ান। মে মাসে চালু হওয়া এই কর্মসূচিকে দেশটির প্রথম বেসামরিক প্রতিরক্ষা ড্রোন প্রশিক্ষণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ড্রোন পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে নজরদারি ও তথ্য আদান-প্রদানের কৌশল শেখানো হচ্ছে।
প্রশিক্ষণ পরিচালনাকারী সংস্থা কুমা একাডেমির দাবি, ইউক্রেন যুদ্ধে ড্রোনের কার্যকারিতা থেকেই তারা অনুপ্রাণিত হয়েছে।

তাইওয়ানে বর্তমানে ৩০টির বেশি বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবী দল সক্রিয় রয়েছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ড্রোনের সংখ্যা ৩৯ হাজারেরও বেশি।
কর্মসূচিতে তরুণ-তরুণী থেকে প্রবীণ নাগরিকরাও অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এর লক্ষ্য মানুষকে অস্ত্র হাতে তুলে দেওয়া নয়, বরং সংকটের সময় সক্রিয়ভাবে সহায়তা করার সক্ষমতা তৈরি করা। চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে তাইওয়ানে এমন প্রশিক্ষণের প্রতি আগ্রহও দ্রুত বাড়ছে।