পুবের কলম ওয়েভ ডেক্স: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে অনুষ্ঠানের আয়োজন নিয়ে আইনি জটিলতা আপাতত কেটে গেল। কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত স্থানে যোগ দিবস পালনে কোনও বাধা নেই। তবে সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সে জন্য পুলিশ প্রশাসনকে উপযুক্ত বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।

রেড রোড কয়েক দিনের জন্য বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল।

সেই মামলার শুনানিতে আদালত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ২১ জুনের অনুষ্ঠান শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব রেড রোড সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে।আদালত মামলাকারী পক্ষ এবং রাজ্য সরকার উভয়কেই তাদের অবস্থান স্পষ্ট করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে মূল মামলার শুনানি এখনও চলবে, কিন্তু যোগ দিবসের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আপাতত কোনও বাধা থাকছে না।

এবারের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রেড রোডে বড় আকারের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়া ২০ জুন গঙ্গার বুকে বিশেষ যোগাভ্যাস কর্মসূচিরও পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ঘাট ও নদীপথ জুড়ে শত শত নৌকায় অংশগ্রহণকারীদের নিয়ে বৃহৎ আকারের যোগাভ্যাসের আয়োজন করা হবে বলে জানা গেছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন ওড়ানোর সম্ভাবনা রয়েছে।