পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের দাফনে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, আগামী ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত এই দীর্ঘ জানাযা ও দাফন পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। সূচি অনুযায়ী, আগামী ৫, ৬ এবং ৭ জুলাই তেহরান ও কওম শহরে নানা অনুষ্ঠান আয়োজিত হবে দাফন উপলক্ষে। এরপর চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই মাশহাদ শহরে।
তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী মেদি ইরান সফরে যাবেন কি না, সে বিষয়ে নয়াদিল্লির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি।আরও পড়ুন:
উল্লেখ্য, তিন দশক ধরে ইরানের শাসনভার সামলানো সর্বোচ্চ নেতা আলি খামেনেই গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইজরাইলের ভয়াবহ যৌথ বিমান হামলায় নিহত হন। তার এই আকস্মিক মৃত্যুর পর তারই পুত্র মোজতবা খামেনেইকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। চরম অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মাঝেই প্রাক্তন নেতার বিদায়বেলায় ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
আরও পড়ুন:
অন্যদিকে, এই ডামাডোলের মধ্যে ইরানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রতিনিয়ত কড়া নজর রাখছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সম্প্রতি এক বিবৃতিতে দূতাবাসের তরফে জানানো হয়েছে যে, ইসলামিক রিপাবলিক অফ ইরানে নিরাপত্তা পরিস্থিতির সামান্য উন্নতি এবং সাম্প্রতিক কিছু ইতিবাচক অগ্রগতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের জন্য একটি সংশোধিত নির্দেশিকা জারি করা হচ্ছে। পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত হলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাই পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে সমস্ত ধরনের অপ্রয়োজনীয় ও বাড়তি ভ্রমণ এড়িয়ে চলারই কড়া পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।