পুবের কলম ওয়েব ডেস্ক: ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে টানা ৬০ দিন ধরে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। কলকাতা পুলিশের সাম্প্রতিক এই নির্দেশিকার বিরুদ্ধে সোমবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়েরের অনুমতি দেন। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি কলকাতা পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয় যে, গত ২ জুলাই থেকে আগামী ৩০ অগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (যা চার বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ করে) কার্যকর থাকবে। পুলিশের এই নির্দেশিকা অনুযায়ী ভিক্টোরিয়া হাউস চত্বরও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

ঘটনাচক্রে, এই সময়সীমার মধ্যেই শাসকদলের আবেগঘন ঐতিহাসিক '২১ জুলাই'-এর শহিদ দিবস কর্মসূচির দিনটিও অন্তর্ভুক্ত রয়েছে।

ঠিক এই কারণেই ২১ জুলাইয়ের প্রাক্কালে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে কেন টানা ৬০ দিন ধরে জমায়েত নিষিদ্ধ করা হল, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে কালীঘাট তৃণমূল। পুলিশের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন কালীঘাট-তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার আদালতে ডেরেক ও’ব্রায়েনের পক্ষে সওয়াল করতে গিয়ে কালীঘাট-তৃণমূলের অপর সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশের এই নির্দেশিকাকে ‘মৌলিক অধিকারের পরিপন্থী’ এবং ‘স্বেচ্ছাচারী’ বলে আখ্যা দেন। তাঁর এই বক্তব্যের পরই বিচারপতি ভট্টাচার্য মামলা রুজু করার অনুমতি দেন।