২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছিলেন। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই জেডেন অ্যাডামসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবলে।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের অন্যতম প্রতিভাবান এই তরুণ ফুটবলারের মৃত্যু জাতীয় ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর পরিবার, সতীর্থ এবং সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


জানা গেছে, কেপ টাউনের স্কটশেকলুফ এলাকায় নিজ বাড়ি থেকে ২৫ বছর বয়সী অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
দেশটির ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকিনজে বলেছেন, “জেডেন অ্যাডামসের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বকাপ চলাকালেও ব্যক্তিগত এক শোকের মধ্য দিয়ে যেতে হয়েছিল অ্যাডামসকে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তিনি জানতে পারেন, তাঁর দাদি মারা গেছেন। সেই মানসিক আঘাত নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল দক্ষিণ আফ্রিকা।
মাঠে তাঁর লড়াকু পারফরম্যান্স এবং দেশের হয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো এই তরুণ মিডফিল্ডারের আকস্মিক মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ফুটবলাঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।