পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আইনি সহায়তা আরও দ্রুত পৌঁছে দিতে বড় পদক্ষেপ করল পুলিশ। কলকাতা পুলিশের অধীনস্থ যে কোনও থানায় কোনও মহিলা তাঁর সমস্যা বা অভিযোগ নিয়ে গেলে, পুলিশকে তা অবিলম্বে 'জিরো এফআইআর' হিসেবে গ্রহণ করতে হবে। সম্প্রতি পুলিশের তরফ থেকে এই বিষয়ে সমস্ত থানাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র এফআইআর দায়ের করে এবং তা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেই দায়িত্ব শেষ করা যাবে না। জিরো এফআইআর দায়ের হওয়ার পর তা নির্দিষ্ট থানায় স্থানান্তরের ক্ষেত্রে বিশেষ নিয়মাবলি জারি করা হয়েছে।
যে থানায় প্রথম অভিযোগটি দায়ের হবে, সেখানকার ওসি বা ভারপ্রাপ্ত আধিকারিককে নিজে দায়িত্ব নিয়ে যে থানায় মামলাটি স্থানান্তরিত হচ্ছে, সেখানকার ওসির সঙ্গে কথা বলতে হবে। শুধু তাই নয়, অভিযোগকারিণী সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য প্রথম থানার ওসিকেই সরাসরি দ্বিতীয় থানার আধিকারিককে বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে হবে।আরও পড়ুন:
পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে, এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও তৎপরতা বজায় রাখা বাধ্যতামূলক। প্রতিটি জিরো এফআইআর দায়ের এবং তা হস্তান্তরের সম্পূর্ণ প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশের সংশ্লিষ্ট ডিভিশনাল ডেপুটি কমিশনারদের (ডিসি) কাছে রিপোর্ট করতে হবে। প্রশাসনের এই কড়া নির্দেশের ফলে শহরের মহিলারা এখন থেকে নিজেদের এলাকার বাইরেও যে কোনও থানায় নির্ভয়ে ও দ্রুত আইনি সাহায্য পাবেন বলেই মনে করা হচ্ছে।