আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর কলকাতায় বিশেষ কর্মসূচিতে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ জুন রেড রোডে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রস্তুতির স্বার্থে রেড রোডে সাত দিনের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কারণে রবিবার রাত ১০টা থেকে আগামী ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন:
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ২টো থেকে এজেসি বোস রোড, মৌলালি মোড় এবং সেন্ট জর্জেস গেট রোড হয়ে দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এর মধ্যে রয়েছে স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিট, সিআর অ্যাভিনিউ থেকে জিসি অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের উভয়মুখী লেন।আরও পড়ুন:
এছাড়া ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট স্টিকারযুক্ত যানবাহনগুলিকে ওই রাস্তা ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।
শনিবার রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম), লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোডের একটি অংশ, আর আর অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইনসওয়ে, পলাশি গেট রোড, ডাফরিন রোড এবং আউটরাম রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন:
ট্র্যাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন এনে ডালহৌসি ও হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড এবং এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তরমুখী যানবাহনকে ডাফরিন রোড ও মেয়ো রোড হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণমুখী যানবাহনকে রেড রোড এড়িয়ে বিকল্প পথে চলাচল করতে হবে। পরিস্থিতি অনুযায়ী ট্র্যাফিক পুলিশ প্রয়োজন হলে আরও কিছু রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে।
আরও পড়ুন:
উল্লেখ্য, আগামী শনিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। গত বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত জাতীয় পর্যায়ের যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।