পুবের কলম ওয়েব ডেস্কঃ  তিনি আফ্রিকার বর্ষসেরা রেফারি। যার ফলে তাকে চলতি ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ফিফা। যদিও ক’দিন আগে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেও সে দেশে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্টে কোনও ম্যাচ পরিচালনা করতে না পারলেও তাকে এদিন পুরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিল ফিফা।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পাওয়া আরতান জানিয়েছেন, তিনি হতাশ নন।

তবে তার লক্ষ্য ২০৩০ বিশ্বকাপে রেফারিং করা। আর সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবেন। তুরস্কের ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তারা তাকে আর্থিক সাহায্যের কথা বলেন। বিশ্বকাপে কোনও ম্যাচে দায়িত্ব পালন করতে না পারলেও আরতানকে তার নির্ধারিত পুরো টুর্নামেন্ট ফি প্রদান করার কথা এদিন জানায় ফিফা। সাধারণত বিশ্বকাপ শেষে রেফারিদের পারিশ্রমিক পরিশোধ করা হয়।
এদিকে আরতানকে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিত হতে চলা উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা।

৩৪ বছর বয়সী আরতান মিয়ামি বিমানব¨রে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলেন, ‘গত সোমবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আমাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরে আমার পাসপোর্ট ও একবার প্রবেশের মার্কিন ভিসা গ্রহণ না করে আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিল না। পরে একজন মার্কিন সরকারি কর্মকর্তা দাবি করেন, সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে আমার নাকি যোগাযোগ রয়েছে। তাই আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও বাস্তবে পুরো বিষয়টি মিথ্যে।’