পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘ টানাপোড়েনের পর ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছিল জি গোষ্ঠী। তবে প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই সম্প্রচার পরিষেবা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রথম ম্যাচের সম্প্রচারে বারবার প্রযুক্তিগত সমস্যার অভিযোগ উঠেছে দর্শকদের পক্ষ থেকে।

বিশ্বকাপ দেখার জন্য ৭৯৯ টাকা খরচ করার পরেও খেলা চলাকালীন বারবার সম্প্রচারে বিঘ্ন ঘটেছে।

একাধিকবার ছবি থেমে যাওয়া, পর্দা স্থির হয়ে থাকা এবং সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁদের। প্রথম ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। গভীর রাতেও অসংখ্য দর্শক খেলা দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু ম্যাচ শুরুর পর থেকেই অনেকের অভিজ্ঞতা সুখকর হয়নি।
অনেকেই জানিয়েছেন, সরাসরি সম্প্রচার বারবার আটকে যাচ্ছিল এবং খেলার ধারাবাহিকতা বজায় ছিল না।

উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে উচ্চমানের সম্প্রচার পরিষেবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা দর্শকদের ক্ষোভ এখন সবচেয়ে বেশি। তাঁদের অভিযোগ, উন্নত মানের সম্প্রচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত ঠিকমতো দেখা যায়নি। ফলে অতিরিক্ত অর্থ খরচ করেও প্রত্যাশিত পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠেছে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।