পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রেন যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রেল। সকালের ব্যস্ত সময়ে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে শিয়ালদা ডিভিশন কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে এই নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। মূলত শিয়ালদহ–ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ–হাসনাবাদ শাখায় এই অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, সোমবার থেকে শনিবার পর্যন্ত সোনারপুর থেকে ডায়মন্ড হারবারে নতুন ট্রেন চলাচল করবে।
এই ট্রেনটি সোনারপুর থেকে ভোর ০৬:০৫ মিনিটে ছেড়ে ডায়মন্ড হারবারে পৌঁছাবে সকাল ০৭:১০ মিনিটে। পরবর্তীতে ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ০৭:২২ মিনিটে ছেড়ে শিয়ালদহে ০৮:৫৮ মিনিটে পৌঁছাবে। শিয়ালদা ডিভিশন পরিচালিত এই ইএমইউ পরিষেবাটি ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহমুখী সকালের ব্যস্ত সময়ের ভিড় সামাল দিতে বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়া শিয়ালদহ থেকে ০৯:৩৫ মিনিটে ছেড়ে সোনারপুর পর্যন্ত ১০:১০ মিনিটে পৌঁছাবে আরও একটি ট্রেন।আরও পড়ুন:
অন্যদিকে, শিয়ালদা–বারাসত–হাসনাবাদ শাখায় প্রতিদিনের নিয়মিত পরিষেবার অংশ হিসেবে হাসনাবাদ থেকে ০৩:২০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছাবে ০৪:৩৯ মিনিটে।
পরিষেবার সম্প্রসারণের ক্ষেত্রে ৩৩৪৩১ আপ শিয়ালদা থেকে ০৮:৫৮ মিনিটে ছেড়ে আসা বারাসত লোকাল ট্রেনটিকে এখন হাসনাবাদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যা হাসনাবাদে পৌঁছাবে বেলা ১১:০৬ মিনিটে। শিয়ালদা ডিভিশন সূত্রে আরও জানা গেছে যে, ট্রেনে মহিলা কোচের সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত আপত্তির বিষয়ে তারা সচেতন। বর্তমান ট্রেনগুলিতে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা কোনোভাবেই কমানো বা পরিবর্তন করা হবে না। প্রতিটি ইএমইউ পরিষেবাতে আগের মতোই ৩টি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।আরও পড়ুন:
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, যাত্রী নিরাপত্তা এবং বিশেষ করে মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্য তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এই অতিরিক্ত ট্রেন চালুর ফলে পুরুষ যাত্রীদের বহনক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হাসনাবাদ শাখায় যাত্রীচাপ বেশি থাকায় নতুন এই ইএমইউ পরিষেবা থেকে সেখানকার নিত্যযাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।