পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের জাতিগত সংঘর্ষের আবহে এক নতুন ও ভয়াবহ মোড় সামনে এল। গত ১৩ মে কাংপোকপি জেলা থেকে অপহৃত হওয়া ছয় জন নাগা নাগরিকের ক্ষতবিক্ষত ও খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই মণিপুরের অন্যতম প্রধান নাগা সংগঠন ‘ইউনাইটেড নাগা কাউন্সিল’ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার সম্পূর্ণ ধর্মঘট বা বনধের ডাক দিয়েছে তারা।
আরও পড়ুন:
ইউনাইটেড নাগা কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হত্যাকাণ্ডকে অত্যন্ত কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, "নিরীহ নাগা নাগরিকদের ওপর এই ধরনের পবিত্রতা নষ্টকারী এবং শয়তানি কাজের আমরা তীব্রতম ভাষায় নিন্দা করছি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং মানব মর্যাদার ওপর এক বড় আঘাত। গত ১৩ মে লেইলন ভাইফেই গ্রামের বাসিন্দা এবং কেএনএফ-পি জঙ্গিরা যে ছয় জন নিরীহ নাগাকে জিম্মি করেছিল, তাঁদের কেবল প্রাণহীন দেহাবশেষই নয়, বরং অত্যন্ত বিকৃত এবং খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।" নাগা সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন না পর্যন্ত প্রশাসন তাদের দাবিদাওয়া মেনে নিচ্ছে, ততদিন তারা নিহত এই ছয় নাগা নাগরিকের মৃতদেহ গ্রহণ করবে না।
আরও পড়ুন:
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষোভ প্রশমন করতে ইউএনসি (UNC) রাজ্য সরকারের কাছে একটি চার্টার অফ ডিমান্ড বা দাবিদাওয়া পেশ করেছে। তাদের প্রধান দাবি- কুকি জঙ্গি গোষ্ঠীগুলির সাথে সরকারের চলমান ‘অপারেশন স্থগিতাদেশ’ বা এসওও চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। ১৮ জন নাগা নাগরিককে অপহরণের সাথে যুক্ত সশস্ত্র কুকি গোষ্ঠী 'কুকি ন্যাশনাল ফ্রন্ট-প্রেসিডেন্ট' বা কেএনএফ(পি)-র সমস্ত সদস্যকে অবিলম্বে গ্রেফতার ও বিচার করতে হবে। মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন-কে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে।