পুবের কলম, ওয়েবডেস্ক: শান্ত হওয়ার বদলে মণিপুরের পরিস্থিতি যেন ক্রমশ আরও জটিল হয়ে উঠছে। উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসার আগুনে এবার প্রাণ গেল দুই নিষ্পাপ শিশুর। সোমবার গভীর রাতে বিষ্ণুপুর জেলায় কুকিদের চালানো ভয়াবহ বোমা হামলায় মৃত্যু হয়েছে পাঁচ বছরের এক বালক এবং মাত্র ছয় মাস বয়সী এক শিশুকন্যার। এই ঘটনায় তাদের মা-ও গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত একটা নাগাদ বিষ্ণুপুর জেলার মইরাং ট্রোংলাওবি গ্রামে অতর্কিতে হামলা চালায় কুকি সশস্ত্র জঙ্গিরা।

জনবসতি লক্ষ্য করে একের পর এক বোমা ছুড়তে শুরু করে তারা। এর মধ্যে একটি বোমা সরাসরি আছড়ে পড়ে গ্রামের একটি সাধারণ বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় ঘরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘুমিয়ে থাকা দুই ভাই-বোনের। বিস্ফোরণের শব্দে গোটা গ্রাম যখন আতঙ্কে শিউরে ওঠে, তখন দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন শিশুদের মা।

 
গুরুতর আহত অবস্থায় শিশুদের মাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ঘটনার পর বিষ্ণুপুর ও সংলগ্ন এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তা রক্ষীরা। হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।