পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরে নতুন করে হিংসার আগুন জ্বলে উঠল। শুক্রবার ভোররাতে মণিপুরের কাংপোকপি জেলার একটি গ্রামে সশস্ত্র দুষ্কৃতীদের অতর্কিত হামলায় এক মহিলাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় নতুন করে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাংপোকপি জেলার সাইতু-গামফজল মহকুমার অন্তর্গত লোইবল খুলেন গ্রামে ভোর আনুমানিক ৪টে নাগাদ এই হামলা চালানো হয়।
ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুষ্কৃতী হঠাৎই গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং গ্রামের বাড়িঘরগুলিতে আগুন লাগিয়ে দেয়। এই অগ্নিসংযোগের ঘটনায় অন্তত সাতটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।আরও পড়ুন:
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ভোররাতে গ্রামে দুষ্কৃতী হামলার পরপরই দুটি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তুমুল গুলিযুদ্ধ শুরু হয়। দু-পক্ষের মধ্যে বেশ কয়েক মিনিট ধরে চলা এই ভয়াবহ বন্দুকযুদ্ধের মাঝেই গুলিতে প্রাণ হারান ওই তিন গ্রামবাসী।
হঠাৎ এই হামলায় পুরো গ্রামজুড়ে শোরগোল ও চিৎকার শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে এবং নিজেদের রক্ষা করতে গ্রামের সাধারণ মানুষ ও শিশুরা ঘর ছেড়ে পাশের ঘন জঙ্গল এলাকার দিকে ছুটে যান এবং সেখানে আশ্রয় নেন।আরও পড়ুন:
খবর পেয়েই মণিপুর পুলিশ এবং আধাসামরিক বাহিনীর একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। তবে এই হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনও স্পষ্ট নয়।