পুবের কলম, ওয়েবডেস্ক: খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। মৃতের নাম জয়বীর সিং দারিয়া (২১)। তিনি ওই প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে ক্যাম্পাসের অটলবিহারী বাজপেয়ী হলের সামনে থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জয়বীর গুজরাটের আমেদাবাদের বাসিন্দা ছিলেন।
শনিবার ভোরে হোস্টেলের নিরাপত্তারক্ষীরা প্রথম তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় আইআইটি কর্তৃপক্ষ এবং হিজলি ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ক্যাম্পাসের ভেতরে থাকা বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন:
জয়বীরের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হোস্টেলের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই পড়ুয়া।
যদিও উদ্ধার হওয়া দেহের আঘাতের প্রকৃতি খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
ক্যাম্পাসে বারবার এই ধরনের মেধাবী ছাত্রদের রহস্যমৃত্যু বা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্য পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে পড়ুয়াদের ওপর থাকা পড়াশোনার অতিরিক্ত চাপ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।