পুবের কলম, নন্দীগ্রাম: ভোটের উত্তাপের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের জেলেমারায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম ফড়িং দাস (৫১)। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যদিও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জেলেমারা এলাকায় ফড়িং দাসের নিথর দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলেমারা ও সংলগ্ন ভেকুটিয়া অঞ্চলে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা।