প্রচণ্ড গরমে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে বাড়তি বিল। এই পরিস্থিতিতে বিদ্যুৎ খরচ কমানোর উপায় হিসেবে বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার ওপর জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সোলার প্যানেল বসানোর জন্য আর্থিক সহায়তা পাবেন, যার ফলে ভবিষ্যতে বিদ্যুতের বিলের বোঝা অনেকটাই কমে যাবে।

সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যেসব প্রান্তিক পরিবার নিয়মিত বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছেন, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তার কথায়, ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে কেন্দ্র সরকার।


শুভেন্দু অধিকারী দাবি করেন, এই অর্থের সাহায্যে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হলে ভবিষ্যতে বিদ্যুতের বিল প্রায় শূন্যে নেমে আসবে। তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জনকল্যাণ শিবির’ থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

জনকল্যাণ শিবিরের পাশাপাশি এই প্রকল্পে অনলাইনেও আবেদন করা যাবে। এজন্য প্রকল্পের নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুতের বিলের চাপ কমবে, তেমনই নবায়নযোগ্য শক্তির ব্যবহারও বাড়বে।