পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের নাগপুর শহরে চাঞ্চল্য ছড়াল বিস্ফোরক উদ্ধারের ঘটনায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সদর দফতরের অদূরে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদর দফতর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওই বাড়ি থেকে মিলেছে জিলেটিন স্টিক, ৫৮টি ডিটোনেটর, একাধিক সংযোগকারী যন্ত্র এবং ১৫টি তাজা কার্তুজ। এত বিপুল পরিমাণ বিস্ফোরক কীভাবে সেখানে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


 
ঘটনার সূত্রপাত বাড়ির মালিক চিকিৎসক উজ্জ্বল লানজেওয়ারের নজরে আসার পর। তিনি বাড়ির সামনে বাগানে পড়ে থাকা তিনটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান। ব্যাগ খুলতেই সামনে আসে বিস্ফোরক সামগ্রী। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা।
 
এরপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়।
বাড়ির ভেতরে বা আশপাশে আরও বিস্ফোরক মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরএসএসের সদর দফতরের নিকটবর্তী হওয়ায় এলাকাটিকে অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছে প্রশাসন।
 
সম্প্রতি চণ্ডীগড়-এ একটি রাজনৈতিক কার্যালয়ে গ্রেনেড হামলার ঘটনার পর এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কে বা কারা এই বিস্ফোরক মজুত করল, তার তদন্তে নেমেছে পুলিশ। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।