মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে আপসহীন অবস্থান স্পষ্ট করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধবিরতি লঙ্ঘিত হলেও তেহরান কোনও পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় বার্তা দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) প্রকাশিত মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে পেজেশকিয়ানের বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছে, যুদ্ধ কোনও দেশের জন্যই কল্যাণকর নয়। তবে ইরানের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও জাতীয় মর্যাদায় আঘাত করে দেশটিকে নতজানু করা সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “যদি কেউ মনে করে আমাদের মাতৃভূমিতে আঘাত করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে বা পিছু হটানো যাবে, তবে সেটি তাদের বড় ভুল।


গাজার পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তিন বছর ধরে একটি ছোট ভূখণ্ডকেও আত্মসমর্পণে বাধ্য করা যায়নি। সেখানে ইরানের মতো একটি শক্তিশালী দেশকে পরাজিত করা আরও অসম্ভব।”

এদিকে, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সম্প্রতি ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের “অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের” জবাব হিসেবেই বুধবার গভীর রাতে এই অভিযান চালানো হয়েছে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে দুটি জাহাজেও আঘাত হানা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।