কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে ইরানকে কোনো ধরনের টোল বা শুল্ক আদায়ের সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, এমন কোনো ব্যবস্থা আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের নীতির পরিপন্থী হবে।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চূড়ান্ত কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক নৌপথে ইরানের একতরফা নিয়ন্ত্রণ বা টোল আদায়ের অধিকার স্বীকৃত হবে না।

মার্কো রুবিওর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলার আওতায় সংযুক্ত আরব আমিরাতও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ছিল।

আবুধাবি সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরের মূল লক্ষ্য হলো উপসাগরীয় আরব মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ দূর করা।

সফরসূচি অনুযায়ী, আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর রুবিও কুয়েত সফর করবেন।

এরপর তিনি বাহরাইনে গিয়ে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর বৈঠকে অংশ নেবেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং ইরান-সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই প্রণালিকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই কারণেই হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান আরও একবার স্পষ্ট করল।