পুবের কলম, ওয়েবডেস্ক: তথ্যের অধিকার (আরটিআই) আইনের সংশোধনী নিয়ে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। রাজ্যের তথ্য অধিকার বিধিতে আনা "বেআইনি" সংশোধনীগুলি অবিলম্বে প্রত্যাহার করা না হলে আগামী ৫ জুলাই থেকে নিজের গ্রাম রালেগন সিদ্ধিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার হুমকি দিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে লেখা একটি কড়া চিঠিতে আন্না হাজারে স্পষ্ট জানিয়েছেন, ‘মহারাষ্ট্র রাইট টু ইনফরমেশন রুলস, ২০২৬’ কার্যকর হলে তা আরটিআই আইনের ধারালো প্রান্তকে ভোঁতা করে দেবে এবং সাধারণ মানুষকে তথ্য পাওয়া থেকে দূরে সরিয়ে রাখবে। গত ১২ জুন রাজ্য সরকারের আনা এই সংশোধনীগুলি ২০০৫ সালের মূল আরটিআই আইনের ভাবাদর্শকে লঙ্ঘন করে এবং প্রশাসনিক স্বচ্ছতাকে ধ্বংস করে বলে তাঁর দাবি।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ৮৮ বছর বয়সী এই দুর্নীতি-বিরোধী আন্দোলনের নেতা মূলত কয়েকটি বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

আরটিআই আবেদনের ফি বৃদ্ধির তীব্র বিরোধিতা করে আন্না লিখেছেন, "তথ্যের অধিকার আইন কোনো রাজস্ব আদায়ের মাধ্যম নয়। ২০ বছর পর যদি আবেদনের ফি বাড়ানোই হয়, তবে যে সমস্ত অফিসার তথ্য দিতে অস্বীকার করেন, তাঁদের জরিমানার অঙ্কও সমহারে বাড়ানো উচিত।"

আবেদনের সঙ্গে পরিচয়পত্র জমা দেওয়ার নিয়মের বিরোধিতা করে তিনি জানান, আরটিআই আইনের ধারা ৬(২) অনুযায়ী আবেদনকারীকে তাঁর ব্যক্তিগত পরিচয় বা তথ্য চাওয়ার কারণ জানাতে বাধ্য করা যায় না। এই নিয়ম চালু হলে তথ্য ফাঁসকারী এবং সমাজকর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়বে। এই নিয়মটিকে অপ্রয়োজনীয় ও সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা বলে আখ্যা দিয়েছেন হাজারে। একই সঙ্গে একই বিষয়ে পুনরায় আবেদন করলে তা সরাসরি খারিজ করার যে নিয়ম আনা হয়েছে, তার ফলে সম্পূর্ণ বা আপডেটেড তথ্য পাওয়া অসম্ভব হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।