পুবের কলম, ওয়েবডেস্ক: মন্দির দর্শন করে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনার সাক্ষী হলো মহারাষ্ট্রের সোলাপুর জেলা। রবিবার বিকেলে সোলাপুরের মালশিরাস তহসিলের তান্দুলওয়াদি গ্রামের কাছে একটি যাত্রীবাহী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর কুয়োতে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় চারজন মহিলা এবং চারজন শিশুসহ মোট ৮ জনের নির্মম মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। সোলাপুরের পুলিশ সুপার অতুল কুলকার্নি জানিয়েছেন, রবিবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
পন্ধরপুরের বাসিন্দা ওই ১৫ জন যাত্রী মহসোয়াদের একটি মন্দির দর্শন করে পিক-আপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।আরও পড়ুন:
প্রাথমিক তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, "বিকেল ৫টা নাগাদ তান্দুলওয়াদি গ্রামের কাছে চালক আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে পিক-আপ ভ্যানটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটি কৃষিজমিতে ঢুকে পড়ে এবং সেখানে থাকা একটি গভীর কুয়োর মধ্যে উল্টে যায়। গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ৭ জন গুরুতর আহত হন।"
আরও পড়ুন:
ঘটনার খবর পাওয়া মাত্রই সোলাপুরের জেলা শাসক এবং পুলিশ সুপার স্বয়ং উদ্ধারকারী দল নিয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান। যুদ্ধকালীন তৎপরতায় কুয়ো থেকে গাড়িটি টেনে তোলার কাজ শুরু হয় এবং স্থানীয় প্রশাসনের সাহায্যে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।