পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের নাসিক জেলার দিনদোরি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের, যাঁদের মধ্যে ৬ জনই শিশু। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শিবাজিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের ছোটদের কোচিংয়ের বার্ষিক অনুষ্ঠান সেরে রাত সাড়ে ১১টা নাগাদ চারচাকা গাড়িতে করে ফিরছিলেন তাঁরা। সেই সময় ঘন অন্ধকারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

রাস্তা থেকে ছিটকে গাড়িটি পাশের একটি গভীর কুয়োয় গিয়ে পড়ে।
 
 কুয়োটি বৃষ্টির জলে সম্পূর্ণ ভর্তি থাকায় কেউ বেরিয়ে আসতে পারেননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। পরে এনডিআরএফ কেও ডাকা হয়।
উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জলভর্তি কুয়ো। দীর্ঘক্ষণ চেষ্টার পর ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়। সেখান থেকেই একে একে ৯টি দেহ উদ্ধার করা হয়। এদিকে, দুর্ঘটনার সময় এক কিশোরী গাড়ি থেকে ছিটকে কুয়োয় পড়ে যায় বলে জানা গিয়েছে। তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।