পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থান-এর সালুম্বার জেলায় রহস্যজনক অসুস্থতায় পরপর পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। প্রাথমিকভাবে এই মৃত্যুগুলিকে এনসেফালাইটিস-এর সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন আক্রান্ত এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে।
গত কয়েকদিনে লাসাদিয়া ব্লকের ঘাটা ও লালপুরা গ্রামে এই মৃত্যুগুলি ঘটে।
জেলাশাসক মহম্মদ জুনায়েদ জানিয়েছেন, উপসর্গগুলি ভাইরাল এনসেফালাইটিসের দিকেই ইঙ্গিত করছে। বিশেষজ্ঞদের মতে, এটি ‘চান্দিপুরা’ ভাইরাসের কোনও রূপ হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। যদিও চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে। রিপোর্ট এলেই প্রকৃত কারণ স্পষ্ট হবে। প্রশাসনের দাবি, দুর্গম গ্রাম হওয়ায় অনেক পরিবার প্রথমে স্থানীয় হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিল, ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা যায়নি। বর্তমানে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নতুন করে সংক্রমণ ছড়ানো রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।