পুবের কলম প্রতিবেদক, জামুরিয়াঃ খনিতে ধসের শিকার কর্মরত শ্রমিক। গুরুতর আহত অবস্থায় থাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। ঘটনায় আরও দু’জন আহত হয়। ঘটনাটি ঘটে জামুড়িয়ার ইসিএল-এর একটি কয়লা খনিতে। শ্রমিক মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ইসিএল কর্তৃপক্ষকে।
অভিযোগ উঠেছে তাদের গাফিলতির। রবিবার নিহত খনি শ্রমিকের পরিবারকে চাকরি দেওয়ার দাবিতে সরব হন কোলিয়ারির অন্যান্য শ্রমিকরা।আরও পড়ুন:
সূত্রের খবর, জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ির সাতগ্রামের ইনক্লাইন কোলিয়ারিতে রবিবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় কয়লা খনির ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই খনির ছাদ ধসে পড়ে।
তাতে গুরুতর জখম হন সদাগর ভূঁইয়া (৪৫) নামে এক শ্রমিক। পরে তার মৃত্যু হয়। সেই সময় তার সঙ্গে কর্মরত দু’জন শ্রমিক তাকে বাঁচাতে গিয়ে কয়লা চাপা পড়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকদের অভিযোগ, কয়লা খনির ভেতরে প্রাণের ঝুঁকি রয়েছে কিন্তু সে ক্ষেত্রে কর্তৃপক্ষের তরফ থেকে যে সকল নিরাপত্তাগুলি তাদের দেওয়া উচিত সেগুলি দেওয়া হয় না। যার কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে বহু কয়লা খনি শ্রমিক।