পুবের কলম ওয়েব ডেস্কঃ পাসপোর্টের জন্য জমে থাকা আবেদনের নিষ্পত্তি করতে উদ্যোগী হল কলকাতার আঞ্চলিক পাসপোর্ট দফতর (আরপিও)। এই উদ্দেশ্যে "পাসপোর্ট মেলা"র আয়োজন করতে চলেছে আরপিও। আগামী আগামী ১৩ জুন শনিবার "পাসপোর্ট মেলা"র আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
আরপিও সূত্রে জানা গিয়েছে, আনন্দপুরের পাসপোর্ট সেবা কেন্দ্রে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে ২ হাজারেরও বেশি আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৩ জুনের স্লট পেতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি জমা দিতে হবে।
আবেদনকারীদের সঙ্গে আনতে হবে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট করা অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন) শিট, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং জন্মতারিখের প্রমাণপত্রের মূল কপি ও ফটোকপি। কারা এখানে সুবিধা পাবেন সে বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক আশিস মিদ্ধা। তিনি জানান, সরাসরি এসে করা আবেদন গ্রহণ করা হবে না। এছাড়াও, আটকে থাকা ফাইল, তৎকাল আবেদন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। শুধুমাত্র পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবেদনকারীরাই পরিষেবা পাবেন। মূলত পাসপোর্ট আবেদনের নিষ্পত্তির গতি বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।