প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন দায়িত্ব পালন করে নতুন নজির গড়লেন নরেন্দ্র মোদি। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮ দিনের রেকর্ড। মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে এই সাফল্য উদযাপন করা হয়। আর সেই অনুষ্ঠানে বিশেষভাবে উঠে এল বাংলার নাম।
আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর পশ্চিমবঙ্গকে দলের অন্যতম বড় অর্জন হিসেবে তুলে ধরা হয়। ফলে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল তাঁকে মঞ্চে নিয়ে যান। একাধিক বিজেপি নেতা শুভেন্দুকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে ছবি তোলেন।
আরও পড়ুন:
বৈঠকের ফাঁকে ছিল এক অভিনব ‘ঝালমুড়ি ব্রেক’। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নিজে হাতে ঝালমুড়ি মেখে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝালের পরিমাণ কতটা হবে, তা হাতের ইশারায় শুভেন্দুকে বুঝিয়েও দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক শীর্ষ নেতা সেই ঝালমুড়ির আসরে যোগ দেন।
অমিত শাহকে কাগজের ঠোঙায় বাঙালি কায়দায় ঝালমুড়ি খেতেও দেখা যায়।আরও পড়ুন:
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্নকে আরও বড় করে তোলার মানসিকতার ফলেই দেশের এই অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি কংগ্রেস আমলের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে দাবি করেন, বিজেপি সরকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এবং পরিকাঠামো উন্নয়নে নজির গড়েছে।
আরও পড়ুন:
মোদি সরকারের ১২ বছরের সাফল্যকে অভিনন্দন জানিয়ে এনডিএ বৈঠকে একটি প্রস্তাবও গৃহীত হয়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সেই প্রস্তাব উত্থাপন করেন এবং বিভিন্ন শরিক দলের নেতারা তাতে সমর্থন জানান। একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও মোদি সরকারের ১২ বছরের কর্মকাণ্ডকে স্বীকৃতি জানিয়ে পৃথক প্রস্তাব গৃহীত হয়েছে।