নতুন পরিবহণ ও শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই কাজে নেমে পড়লেন অর্জুন সিং। বুধবার দুই দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিবহণ ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার পাশাপাশি রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোর ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।

দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে অর্জুন সিং জানতে চান, কেন রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস দেখা যায় না, বর্তমানে কতগুলি বাস চলছে এবং সাধারণ মানুষ কেন বাস পরিষেবার অভাবের অভিযোগ করছেন। ট্রাম পরিষেবার বর্তমান অবস্থাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি পরিবহণ দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “আমাদের প্রথম লক্ষ্য হবে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা। মানুষের কাছ থেকে বারবার অভিযোগ এসেছে, পর্যাপ্ত বাস পাওয়া যায় না। ইলেকট্রিক বাস পরিষেবার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও জানান, পরিবহণ দপ্তরের পুরনো বিভিন্ন ফাইল খতিয়ে দেখা হবে।

তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে বিভিন্ন বাস ডিপোর জমি বিক্রি করা হয়েছে। সেই বিষয়েও তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

শ্রম দপ্তরের দায়িত্ব প্রসঙ্গে অর্জুন সিং বলেন, দীর্ঘদিন ধরে এই দপ্তর অবহেলিত ছিল। শ্রমিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রমিকদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

এদিন প্রাক্তন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর কথাও স্মরণ করেন অর্জুন সিং।

তিনি জানান, সুভাষ চক্রবর্তী মন্ত্রী থাকাকালীন কিছু বিষয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এখন সেই একই দপ্তরের দায়িত্বে এসে পুরনো বিষয়গুলি খতিয়ে দেখতে চান। প্রয়োজনে পুরনো ফাইলও খোঁজা হবে বলে জানান তিনি।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকারি বাসের অভাব, চালক ও কর্মীদের সমস্যা, তেল চুরির মতো অভিযোগ-সহ পরিবহণ ব্যবস্থার নানা সমস্যার সমাধানে ধাপে ধাপে পদক্ষেপ করা হবে। একইসঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, এটি সরকারের একটি অত্যন্ত ভালো উদ্যোগ।