রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন। নির্বাচন কমিশনের পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি অবিলম্বে মামলার শুনানির আবেদন জানিয়েছেন। গরমের ছুটি চললেও, তাঁর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবারই শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে বিষয়টি উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় পাঠানোর জন্য মীনাক্ষী নটরাজনকে প্রার্থী করেছিল কংগ্রেস। কিন্তু তাঁর বিরুদ্ধে একটি মামলার তথ্য মনোনয়নপত্রে উল্লেখ না করার অভিযোগে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে।
যদিও মীনাক্ষী এবং কংগ্রেস—উভয়েই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাঁর বিরুদ্ধে এমন কোনও ফৌজদারি মামলা কার্যকরভাবে রুজু হয়নি।আরও পড়ুন:
মধ্যপ্রদেশ বিধানসভার অঙ্ক অনুযায়ী, তিনটি শূন্য রাজ্যসভা আসনের মধ্যে একটি কংগ্রেসের দখলে যাওয়ার কথা ছিল। কিন্তু মীনাক্ষীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। ফলে বিজেপির তিন প্রার্থী—তরুণ চুঘ, রজনীশ অগ্রবাল এবং মহেশ কেওয়াটের জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
বিজেপির অভিযোগ, ২০২৫ সালে হায়দরাবাদের একটি আদালতে দায়ের হওয়া একটি মামলার তথ্য গোপন করেছিলেন মীনাক্ষী।
সেই মামলায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছিল এবং আদালত থেকে নোটিসও জারি করা হয়েছিল। তবে কংগ্রেস নেত্রীর দাবি, বিষয়টি এখনও বিচারাধীন এবং তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। তিনি আগেই অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন।আরও পড়ুন:
বুধবার কংগ্রেসের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেও কোনও ইতিবাচক আশ্বাস মেলেনি। এরপরই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মীনাক্ষী নটরাজন। কংগ্রেসের অভিযোগ, বিরোধী দলগুলির ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এখন দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।