পুবের কলম ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় সরকার দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতার মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে আগামী ৩ বছর তাঁর নতুন মেয়াদ কার্যকর হবে। সম্প্রতি কর্মী ও প্রশিক্ষণ বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদনের ভিত্তিতে তাঁকে পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রাখা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ জারি হওয়া পর্যন্ত তিনি সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের পাঁচজন অতিরিক্ত সলিসিটর জেনারেলের মেয়াদও আরও তিন বছরের জন্য বাড়ানো হয়েছে। পুনর্নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, কে এম নটরাজ, সূর্যপ্রকাশ ভি. রাজু, এন. ভেঙ্কটরামন এবং ঐশ্বর্য ভাটি। তাঁদের নতুন মেয়াদ চলতি বছরের ৩০ জুন ও আগামী জুলাই মাস থেকে ধাপে ধাপে কার্যকর হবে।আরও পড়ুন:
এছাড়া দিল্লি হাইকোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে চেতন শর্মার মেয়াদও আরও ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে।
আগামী ১ জুলাই থেকে তাঁর নতুন মেয়াদ শুরু হবে। উল্লেখ্য, তুষার মেহতা ২০১৮ সালের অক্টোবর মাসে দেশের সলিসিটর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০২৩ সালেও তাঁর মেয়াদ বাড়ানো করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই কেন্দ্র আবারও তাঁর ওপর আস্থা রেখে আরও তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।