আন্তর্জাতিক যোগ দিবসের দিন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার জন্য তিনটি আধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ তো সবে শুরু। আত্মনির্ভর ভারতের যাত্রা আরও অনেক দূর এগোবে।”
আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নৌসেনার শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা বরাবরই ভারতের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজ সেই বাংলার মাটি থেকেই আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও সামুদ্রিক নিরাপত্তার গুরুত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিরক্ষায় শক্তিশালী হতে হলে জলপথেও সমানভাবে সক্ষম হতে হবে। ভারতের তিন দিক সমুদ্রবেষ্টিত হওয়ায় সামুদ্রিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:
মোদীর কথায়, “ভারত শুধু ভোক্তা নয়, নির্মাতা হতে চায়।
আমরা যখন নির্মাতা হব, তখন বিশ্বমঞ্চে নির্ণায়ক শক্তি হিসেবেও উঠে আসব।” তিনি জানান, গত কয়েক বছরে ৪০টিরও বেশি ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধজাহাজ ও সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে।ভাষণে আইএনএস বিক্রান্তের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আইএনএস বিক্রান্তের মাধ্যমে যে আত্মনির্ভরতার যাত্রা শুরু হয়েছিল, তিনটি নতুন যুদ্ধজাহাজ সেই অভিযাত্রাকে আরও শক্তিশালী করল। ভারতের সামুদ্রিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।