রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার প্রথমবার কলকাতার ইসকনের রথযাত্রায় অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ জুলাই রথযাত্রার দিন তিনি উপস্থিত থেকে প্রভু জগন্নাথের রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করবেন।
প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কলকাতা থেকে ইসকনের রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে ময়দানে পৌঁছাবে। সেখানেই প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ মাসির বাড়িতে অবস্থান করবে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ইসকনের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ অনুষ্ঠানে পৌঁছানোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি জগন্নাথদেবের দর্শন করবেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন এবং রথের রশিতে টান দেবেন। প্রধান অতিথি হিসেবেই তাঁর উপস্থিতি নির্ধারিত হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও রথযাত্রার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছে ইসকন। সংগঠনের কর্মকর্তারা জানান, রথযাত্রার সময় তিনি কলকাতায় থাকতে পারেন বলে জানা গেছে, তাই তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইসকনের দাবি, গত বছর রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভক্ত অংশ নিয়েছিলেন। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ভারত ছাড়াও চিন, ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে বহু ভক্তের কলকাতার এই ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।