পুবের কলম ওয়েব ডেস্কঃ নাগরিকত্ব নিয়ে সন্দেহের জেরে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়েছিল বীরভূমের কয়েকজন জন পরিযায়ী শ্রমিককে। তাঁদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্টে আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতে ফিরিয়ে এনে প্রথমে তাঁদের নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের ওপর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই মামলায় কেন্দ্রের হয়ে সওয়াল করেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলি-র ডিভিশন বেঞ্চে তিনি কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেন।

উল্লেখ্য, এই প্রথম সুপ্রিম কোর্টে এই কথা স্বিকার করল কেন্দ্র। সেই মর্মে সুপ্রিম ৬ জনকে ১০ দিনের মধ্যে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। 

কলকাতা হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। ওই নির্দেশে বলা হয়েছিল, যাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের ভিত্তিতে বাংলাদেশে পাঠানো হয়েছে, তাঁদের ভারতে ফিরিয়ে এনে বিষয়টি পুনরায় খতিয়ে দেখতে হবে। শুনানির সময় বিবাদীপক্ষের আইনজীবী সঞ্জয় হেগড়ে আদালতের কাছে আবেদন জানান, কেন্দ্রের এই বক্তব্য যেন নথিভুক্ত করা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতে ফিরিয়ে আনার পর তাঁদের নাগরিকত্বের দাবি যাচাই করা হবে।

তদন্তে তাঁরা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

উল্লেখ্য,  ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁদের আত্মীয়রা হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় কলকাতা হাইকোর্ট  অন্তঃসত্ত্বা সোনালী খাতুন,  তাঁর স্বামী দানিশ শেখ এবং ছেলে সাবির শেখ-কে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। অন্য একটি মামলায় সুইটি বিবি এবং তাঁর দুই ছেলে কুরবান ও ইমাম-কেও ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, সোনালি, সুইটিরা কাজের সন্ধানে গিয়েছিলেন দিল্লিতে। সেখানে তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ।

পরে সোনালি, তাঁর নাবালক সন্তান, স্বামী দানিশের পাশাপাশি দুই পুত্র-সহ সুইটিকে গত জুনে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ব্যাক করা হয় বলে অভিযোগ। পরে জানা যায়, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ অনুপ্রবেশকারী অভিযোগে ওই ৬ জনকে গ্রেফতার করে। টানা ১০০ দিন জেলে থাকার পর গত ডিসেম্বরে বাংলাদেশের আদালত থেকে জামিন পান তাঁরা। সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালি ও তাঁর আট বছরের ছেলেকে দেশে ফিরিয়েছে কেন্দ্র। সোনালি ভারতে ফিরে সন্তানের জন্ম দিয়েছেন। তবে সুইটি ও তাঁর সন্তান এবং দানিশ এখন সেখানেই রয়েছেন।